৪০ বছর পর ইরাক

মেক্সিকোর সঙ্গে ইরাকের ফুটবল ইতিহাসের একটি গভীর
সম্পর্ক আছে। ১৯৮৬ সালে মেক্সিকোতেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল
ইরাক। আহমেদ রাধি, বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপে ইরাকের গোলদাতার নামটিও অনেকের
স্মৃতিতে গেঁথে আছে। মধ্যপ্রাচ্যের সেই দেশটিই ৪০ বছর পর ফের বিশ্বকাপে খেলার
যোগ্যতা অর্জন করেছে। এবং এবারও তাদের সেই সোনালি অধ্যায়ের সাক্ষী মেক্সিকো।
বাংলাদেশ সময় বুধবার সকালে মেক্সিকোর মন্তেরিও স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে অফের
ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে
ইরাক। যদিও বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের কোনো ম্যাচ নেই মেক্সিকোতে।
যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ের সঙ্গে,
ফিলাডেলফিয়ায় ফ্রান্সের বিপক্ষে আর কানাডার টরন্টোতে সেনেগালের বিপক্ষে খেলতে হবে
ইরাককে। তবে এদিন মেক্সিকোর গ্যালারিকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েই ম্যাচ শেষে
কাউবয় হ্যাট পরে মুহূর্তটি উদযাপন করেছেন ইরাকের অধিনায়ক আয়মেন হুসেইন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে ফুটবলে ইরাকের
এই সাফল্য ছুঁয়ে গেছে বাগদাদে। ম্যাচের পর শহরের বিভিন্ন সড়কে সমর্থকরা দেশের
পতাকা হাতে বেরিয়ে পড়েন। বহু বছর ধরে যুদ্ধ ও নানা সংকটের কারণে দেশটির ফুটবলে
সেভাবে সাফল্য ধরা দিচ্ছিল না। এই ম্যাচটি খেলতে আসাটাই অনিশ্চত হয়ে পড়েছিল তাদের।
অবশেষে ফিফার বিশেষ ব্যবস্থায় চার্টার্ড বিমানে করে তারা মেক্সিকোতে আসে। এখানে
এসেই মন্তেরি শহরে ক্যাম্প করে তারা। ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’খ্যাত ইরাকের এই দলটি
সবার শেষে ৪৮তম দল হিসাবে এবারের বিশ্বকাপে জায়গা করে নেয়। ম্যাচের ১৮তম মিনিটেই
আমি আল আম্মারির কর্নার থেকে পাওয়া বলে নিখুঁত হেডে গোল করেন আলি আল হামাদি। ঘুরে
দাঁড়াতে মরিয়া লাতিন আমেরিকার দল বলিভিয়া ৩৮ মিনিটে ম্যাচে সমতা আনে।
তরুণ ফুটবলার মইনেস পানিয়াগুয়ার গোলে স্বস্তি
পায় বলিভিয়া। তবে বিরতির পর আবার এগিয়ে যায় ইরাক। ৫৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসাবে
মার্কো ফারাজির ক্রস থেকে তরুণ স্ট্রাইকার আয়মেন হুসেইন জয়সূচক গোলটি করেন।
বিশ্বকাপের টিকিট পেয়ে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড প্রশংসা করেন তাঁর খেলোয়াড়দের
লড়াকু মানসিকতার। ‘ফুটবলারদের অভিনন্দন জানাই, তারা সত্যিকারের ইরাকি মানসিকতা
নিয়ে খেলেছে। লড়াই করেছে এবং জীবন বাজি রেখেছে। এ কারণেই ম্যাচটি আমরা জিতেছি।
আমাদের জয় সম্ভব হয়েছে শুধু দুর্দান্ত রক্ষণভাগের কারণে। আমি ভীষণ খুশি যে, আমরা
চার কোটি ৬০ লাখ মানুষকে আনন্দ দিতে পেরেছি। বিশেষ করে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে
যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে।’











