মার্চে এলো ৩৭৫ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স

চলতি বছরের মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এ নিয়ে টানা চার মাস ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাস হিসেবে এটি এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স।

এর আগে গত বছরের মার্চে এসেছিল ৩৩০ কোটি ডলারের রেমিট্যান্স। যুদ্ধের মতো বৈশ্বিক সঙ্কটের মধ্যেও রেমিট্যান্সের এই উচ্চপ্রবাহ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছে।

ব্যাংকাররা জানান, রমজান ও ঈদকে কেন্দ্র করে সবসময়ই রেমিট্যান্স বেশি আসে। এর মধ্যে ইসরায়েলইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সঙ্কটের মধ্যে আতঙ্কে অনেকেই জমানো অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন। আবার অন্তর্বর্তী সরকারের মতো বিএনপি নেতৃত্বাধীন সরকারও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগের বিষয়ে সরকার স্পষ্ট অবস্থান জানিয়েছে। এতে করে হুন্ডিতে চাহিদা কমেছে।

গত ডিসেম্বর মাসে প্রবাসীরা ৩২২ কোটি ডলার দেশে পাঠান। পরের মাস জানুয়ারিতে ৩১৭ কোটি এবং দিন সংখ্যা কম হওয়ার পরও গত ফেব্রুয়ারি মাসে এসেছে ৩০২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত ২ হাজার ৬২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১৭৮ কোটি ডলার। এ সময়ে বেড়েছে ৪৪২ কোটি ডলার যা ২০ দশমিক ৩১ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্স বেশি এসেছিল ৬৪২ কোটি ডলার যা ২৬ দশমিক ৮৩ শতাংশ।

রপ্তানি কমে যাওয়া, আমদানি বৃদ্ধি এবং যুদ্ধ শুরুর পরও ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সায় স্থিতিশীল রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক শুন্য ৬ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত ৯ মার্চ আকুতে ১৩৭ কোটি ডলার পরিশোধের আগে রিজার্ভ উঠেছিল ৩৫ দশমিক ৪৯ ও ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। সেখান থেকে কমে আওয়ামী লীগ পতনের সময় বিমিএম-৬ অনুযায়ী ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। আর গ্রস রিজার্ভ নেমে যায় ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে।