আদালতে পাল্টা মামলা করলেন শ্রাবন্তী

প্রায় এক বছর ধরে স্বামী রোশান সিংয়ের সঙ্গে থাকছেন না শ্রাবন্তী চ‌্যাটার্জি। মনের দূরত্ব তাদের আলাদা করলেও কাগজে কলমে এখনো তারা স্বামী-স্ত্রী। এ অভিনেত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য বেশ আগে মামলা করেন রোশান। এবার বিবাহবিচ্ছেদ চেয়ে পাল্টা মামলা করলেন শ্রাবন্তী। আলিপুর আদালতে এ মামলা দায়ের করেছেন। আগামী ১০ ডিসেম্বর এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

 

এর আগে শিয়ালদহ ফাস্টট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১৪ জুলাই, দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী চ‌্যাটার্জি।

 

রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর ৭ জুন, শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

 

হিন্দুস্তান টাইমসের খবর, কলকাতার আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন শ্রাবন্তী। মামলার শুনানি হবে ১০ ডিসেম্বর। ডিভোর্সের মামলা করার পাশাপাশি রোশনের বিরুদ্ধে একাধিক অভিযোগও এনেছেন শ্রাবন্তী।

 

গত জুন মাসে বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশন। 

 

তারই জবাবে এবার পাল্টা মামলা করলেন শ্রাবন্তী।

 

গত এক বছর ধরেই শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে মরিয়া রোশন।

 

সোশ্যাল মিডিয়ায় তার নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই বার্তাই দেয়। 

 

যদিও রোশনের সেসব পোস্ট ও তর্জনগর্জনে বরাবরই নীরব থেকেছেন শ্রাবন্তী। কিন্তু কয়েকদিন আগে রোশনের করা দুটি পোস্টের পর ইনস্টাগ্রামে শ্রাবন্তী যে বার্তা দেন, তাতে মনে হয়েছিল মন গলেছে নায়িকার।

 

শ্রাবন্তীর অভাববোধটা বুঝিয়ে দিতে কয়েক দিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে রোশন লেখেন মাই কন্ডিশন

 

রোশন বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা!

 

এর পর গত বুধবার প্রয়াত বলিউড অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন।

 

প্রয়াত এ তারকার ছবিটি দিয়ে রোশন বোঝাতে চান, সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন তিনি। নিজেকে শেষ করেও দিতে পারেন সুশান্তের মতো!

 

রোশনের ওই দুটি পোস্টের পরই শ্রাবন্তী আবেগী পোস্ট দেন। লেখেন বুঝেছি, তুমি নীরবতার মানে বুঝতে শুরু করেছ। এর থেকে শিক্ষাও নিচ্ছ। নীরবতারও নিজস্ব অর্থ ও আলাদা মাত্রা রয়েছে।

 

ভক্ত-অনুরাগীদের ধারণা ছিল, এবার হয়তো মন গলেছে শ্রাবন্তীর। সুখবর পেতে যাচ্ছেন রোশন।

 

কিন্তু উল্টোটাই ঘটল। বিবাহবিচ্ছেদের মামলা করে বসলেন টালিউডের এই কনট্রোভার্সি কুইন।

 

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।