ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের
শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার
(২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ
ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে
পড়ে।
জানা গেছে, ঢাকা
কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুঁড়ে বাসটির গ্লাস ভেঙে দেন। এ
ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে অবস্থান
নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে দুই
কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে
জানা গেছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর
বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে আইডিয়াল কলেজের সামনে
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
এ বিষয়ে ধানমন্ডি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব যুগান্তরকে বলেন,
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি,
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের বাসের গ্লাসে ঢিল ছোড়েন। এ ঘটনাকে কেন্দ্র
করেই সংঘর্ষের সূত্রপাত।













