খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি সক্রিয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার (২৭ জুন) দুপুরে গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারি অনুমতির বিষয়ে দলের উদ্যোগ সম্পর্কে জানাতে চাইলে তিনি এ কথা জানান।

 

এ সময় খালেদা জিয়ার অবস্থা কেমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শি ইজ ফিলিং বেটার। প্রত্যেকদিন উনার (খালেদা জিয়া) চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন, যারা রাতে গিয়ে ডা. এএফএম সিদ্দিকী ও এজেডএম জাহিদ হোসেন সাহেব চেক আপ করেন। সপ্তাহে একদিন করে এখন গোটা টিম তাকে দেখবেন।’

 

গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গতকাল (শনিবার) স্থায়ী কমিটির বৈঠকেও চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি তুলে ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

 

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা পর গত ১৯ জুন  খালেদা জিয়া তার গুলশানের বাসায় ‘ফিরোজায়’ ফেরেন। এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকার কারণে তাকে বাসায় নিয়ে আসা হয়।