নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
বলেছেন, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন
সাহসিকতার সঙ্গে নাকচ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
শনিবার (১১ এপ্রিল) গুলশানে ডিফিন ও ডিনেট আয়োজিত 'রিস্ক কনফারেন্স
অন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ২০২৬'-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে
তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রায়ই নতুন ব্যাংকের লাইসেন্সের প্রস্তাব
পেয়েছেন, তবে সেগুলো প্রযুক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় সতর্কতার সঙ্গে পরিচালনা
করেছেন।
তিনি বলেন, "বর্তমানে দুর্বল ব্যাংকগুলো থেকে আমানতকারীরা
টাকা তুলতে হিমশিম খাচ্ছেন—এ বাস্তবতা নতুন লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে 'না' বলার
প্রয়োজনীয়তা স্পষ্ট।"
সালেহউদ্দিন আহমেদ আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন,
অর্থনীতিতে অবদান রাখতে প্রযুক্তিনির্ভর সমাধানের ভূমিকা বাড়ানো প্রয়োজন।
তিনি সতর্ক করে বলেন, দুর্বল ব্যাংকে বেশি সুদের লোভে টাকা রাখায়
ঝুঁকি রয়েছে। এ ধরনের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে একীভূত করা হয়েছে।
তিনি আরও বলেন, "ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স অত্যন্ত
গুরুত্বপূর্ণ এবং এটি কঠোরভাবে অনুসরণ করতে হবে। অর্থনীতি দুর্বল হলে তার প্রভাব
সব আর্থিক খাতেই পড়ে।"
বীমা খাত প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই খাতটি
প্রায়ই প্রতারণামূলক হিসেবে বিবেচিত হয়, এটি কাটিয়ে উঠতে হবে।
আর্থিক ঝুঁকি কমাতে ঋণ দেওয়ার আগে গ্রাহকের আর্থিক সচেতনতা
মূল্যায়নের পরামর্শ দেন তিনি। পাশাপাশি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার
যথাযথ বাস্তবায়নই খাতটির টেকসই উন্নয়নের জন্য জরুরি বলে উল্লেখ করেন।













