সংবিধান সংস্কার না হলে আন্দোলন: বিরোধী দল

গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নিজের তোলা মুলতবি প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগ তুলে গতকাল বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী জোট।

সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির বলেন, সংসদ বর্জন নয়, ওয়াকআউট করেছি। সংসদে বিরোধী দল ফিরবে কিনা, তা বৃহস্পতিবার (আজ) দেখা যাবে। তিনি বলেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর কী আছে? আইনমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য বিকৃতির অভিযোগ করে তিনি জানান, ১১ দলের বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি গণভোটের প্রস্তাব করেছে; কিন্তু সরকারে আসার পর গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গেছে। সংবাদ সম্মেলনে এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পীরজাদা হানজালা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতার মুলতবি প্রস্তাবের ওপর মঙ্গলবার সংসদে আলোচনা হয়। তাতে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিশেষ সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করেন। বিরোধীদলীয় নেতা সরকারি এবং বিরোধী দল থেকে সমান সদস্য নিয়ে সংবিধান সংস্কার কমিটি গঠনের প্রস্তাব করেন। আইনমন্ত্রী এর বিরোধিতা করে বক্তব্য রাখেন।   

শফিকুর রহমান গতকাল সংবাদ সম্মেলনে আইনমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধী দল সংবিধান সংশোধন নয়, সংস্কার চায়। গণভোটে জনগণ সংবিধান সংস্কার চেয়েছে। সংবিধান সংশোধন কমিটি বিরোধী দল মেনে নেয়নি।

গতকাল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর বিরোধী দল প্রস্তাবটির বিষয়ে সিদ্ধান্ত চায়। বিরোধীদলীয় নেতা বলেন, স্পিকার জানিয়েছেন, অতীতে মাত্র তিনটি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। বিরোধী দলের মুলতবি প্রস্তাব মঙ্গলবারের আলোচনায় শেষ হয়েছে। স্পিকার তাদের ওয়াকআউট না করার অনুরোধ করেছিলেন।

স্পিকারের অনুরোধের পরও জামায়াত-এনসিপি জোট কেন ওয়াকআউট করেছে এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটের রায় সংসদে যেহেতু কার্যকর করতে পারলাম না, তাই জনগণের দাবি জনগণের কাছে নিয়ে যাব।

স্বতন্ত্র এমপি শেখ মুজিবুর রহমানের পর বিএনপির এমপি জয়নুল আবদিন ফারুক গতকাল জুলাই সনদের ওপর মুলতবি প্রস্তাব আনেন। ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে এবারই প্রথম সরকারি দল মুলতবি প্রস্তাব আনল। এর ওপর আগামী রোববার আলোচনা হবে বলে স্পিকার সময় নির্ধারণ করেন।

শফিকুর রহমান বলেন, জনগণের অভিপ্রায় চাপা দিতেই এই নোটিশটি আনা হয়েছে। এটারও প্রতিবাদ করেছি।

শফিকুর রহমান গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। এর আগে সংসদ অধিবেশনের প্রথম দিন ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

জামায়াত আমির বলেন, বিএনপির পক্ষে যিনি ঐকমত্য কমিশনে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি গণভোটের প্রস্তাব করেছিলেন। জামায়াতসহ অন্যান্য দল এতে সমর্থন করেছিল। বিএনপিও গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার চালিয়েছিল। বিরোধী দলের মুলতবি প্রস্তাবের পর বাধার মুখেও ডেপুটি স্পিকার নোটিশটি আমলে নেন। 
অতীতের গণভোটের নজির দিয়ে শফিকুর রহমান বলেন, আগে তিনটি গণভোটের ফল মান্য করা হয়েছে। সংসদে এবারের গণভোটের সমাধান চেয়েছিলাম। গণভোটের রায় কীভাবে কার্যকর করা যায়, চেষ্টা করেছিলাম। 

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গায় সরকারি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এটা তাদের ব্যাপার। জনগণ গণভোটে জুলাই আদেশ অনুমোদন করেছে। সংসদে যেহেতু পারলাম না, জনগণের দাবি জনগণের কাছে নিয়ে যাব।

এর আগে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পরপরই বিরোধীদলীয় নেতা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আগের দিনের মুলতবি প্রস্তাব নিয়ে কথা বলেন। ওই দিনের আলোচনার শেষ বক্তা আইনমন্ত্রীর বক্তব্য খণ্ডন করেন। গণভোট ও গণভোটের আলোকে যে পরিষদ গঠন হওয়ার কথা ছিল, তার সভা আহ্বানের বিষয়টি ছিল নোটিশে। প্রত্যাশা করেছিলাম সংসদে প্রতিকার পাব। 

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র তিনটি মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বছরের পর বছর চলে যায় সংসদে কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ হয় না। তার পরও প্রাণবন্ত আলোচনার জন্য ডেপুটি স্পিকার মুলতবি প্রস্তাব গ্রহণ করেছিলেন। আরেকটি নোটিশ এসেছে, বিরোধী দল সেখানে কথা বলার অবারিত সুযোগ পাবে। 

স্পিকারের বক্তব্যের পর আবারও ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা প্রতিকার চেয়েছিলাম। যে বিষয়ে নির্বাচনের আগে সবাই একমত হয়েছিলাম। এর সপক্ষে কথা বলেছি, প্রচার করেছি। বিরোধী দলে বসে এখন এর অবমূল্যায়ন মেনে নিতে পারি না। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।

এ সময় বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে স্পিকার বলেন, ওয়াকআউট আপনাদের অধিকার। আরেকটি নোটিশ রয়েছে, সেখানে মন খুলে আরও কথা বলতে পারবেন। তার পরও যদি ওয়াকআউট করতে চান, একটু অপেক্ষা করে দেখতে পারেন।

বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলের নোটিশের সময়ই আপত্তি উত্থাপন করেছিলাম। উভয় পক্ষে বিতর্ক হয়েছে। সুতরাং আলোচনার পর নিষ্পত্তি কী হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নেই।

সরকারি দলের পক্ষে নোটিশ দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বিএনপির নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল জুলাই সনদ। যা ভবিষ্যতের পথরেখা।