টানা তৃতীয় দিনে গড়াল দর পতন

টানা তৃতীয় দিনে গড়াল শেয়ারবাজারের দর পতন। গতকাল মঙ্গলবারও ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্সের ১ শতাংশ পতন হয়েছে। এ নিয়ে সর্বশেষ ৫ কর্ম দিবসের মধ্যে চার দিনই শেয়ার দর ও সূচকের পতন হলো। এতে সূচক হারিয়েছে ১৭৫ পয়েন্ট বা সোয়া ৩ শতাংশ।

এই দর পতনের জন্য অনেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করছেন। বিভিন্ন ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তাদের মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। দেশের প্রতিটি শহরে পেট্রোল পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারি। এমনটা দেখে বিনিয়োগকারীদের মধ্যে অর্থনীতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর স্বাভাবিক পরিণতি শেয়ারের দর পতন।
গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৫১ কোম্পানির মধ্যে ২৫০টির দর কমেছে। বিপরীতে ৭৫টির দর বেড়েছে এবং অপরিবর্তিত থেকেছে ২৬টির দর। এদিকে তালিকাভুক্ত ৩৬ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৬টি দর হারিয়েছে, বেড়েছে মাত্র দুটির দর।
পর্যালোচনায় দেখা গেছে, গতকাল বীমা খাতে দর হারানো শেয়ার সংখ্যা তুলনামূলক কম ছিল। খাতটির তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ২৬টির দর। এর বাইরে অন্য সব খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে।

গতকালও তুলনামূলক বেশি দর হারিয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎ, বস্ত্র, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ এবং চামড়া ও চামড়াজাত পণ্য খাতের শেয়ার। সর্বাধিক গড়ে ২ শতাংশ দর হারিয়েছে তথ্যপ্রযুক্তি খাত।
অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমায় ডিএসইএক্স সূচক হারিয়েছে ৫২ পয়েন্ট। এ নিয়ে গত তিন দিনে টানা ১৩৮ পয়েন্ট হারিয়েছে সূচকটি। সার্বিক দর পতনের মধ্যেও গত কিছুদিন ধরে শেয়ার কেনাবেচার পরিমাণ বেড়েছে। গতকালও ঢাকার শেয়ারবাজারে কেনাবেচা হওয়া শেয়ারের মোট মূল্য ছিল ৬৮৫ কোটি ৬১ লাখ টাকা, যা আগের দিনের থেকে পৌনে ২২ কোটি টাকা বেশি।

অরেঞ্জ বন্ড অনুমোদন
গত সোমবার সাজিদা ফাউন্ডেশনকে দেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে ১৫৮ কোটি ৫০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
অরেঞ্জ বন্ড হলো নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়নের জন্য যে বন্ড ইস্যু করা হয়।
দেশের প্রথম
অরেঞ্জ বন্ডটি এক থেকে তিন বছর মেয়াদি এই বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্রঋণ অর্থায়ন সম্প্রসারণে ব্যবহার করবে। জিরো কূপন বন্ডটি বিক্রি হবে অভিহিত মূল্যের ওপর ৭ থেকে সাড়ে ১১ শতাংশ ছাড়ে।
এদিকে সিটি সুগার ইন্ডাস্ট্রিজকেও এক হাজার ৩০০ কোটি টাকার তিন বছর মেয়াদি শতভাগ সিকিউরড জিরো-কুপন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি। বন্ডটি সাড়ে ১৩ শতাংশ ছাড়ে বিক্রি হবে। এই বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির বিদ্যমান দায় পরিশোধে ব্যবহৃত হবে।