লিড সনদ পেল আরও পাঁচ পোশাক কারখানা

পরিবেশবান্ধব সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক
স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পেয়েছে দেশের
আরও পাঁচ পোশাক কারখানা। এগুলো হচ্ছে–নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি
ইউনিট-৭, ঢাকার সুরমা গার্মেন্টস, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস ইউনিট-২, সাভারের উইন্টার
ড্রেস ও চট্টগ্রামের মেহের গার্মেন্টস।
এই কারখানাগুলোর মধ্যে উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ রেটিং
পয়েন্ট এবং মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ মান প্লাটিনাম সনদ অর্জন
করেছে। বাকি তিন কারখানার রেটিং মান গোল্ড। এ কারখানাগুলোসহ দেশে লিড সনদের কারখানার
সংখ্যা ১৮০টিতে উন্নীত হলো। এর মধ্যে ১১৮টি প্লাটিনাম ও ১৪৩টি গোল্ড সনদের কারখানা।
বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশে। উদ্যোক্তাদের
মতে, এসব কারখানায় উৎপাদিত পণ্যে ‘গ্রিন ট্যাগ’ যুক্ত থাকায় আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা
বাড়ছে। বিদেশি ক্রেতাদের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রেও বাড়তি সুবিধা মিলছে।











