জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

আগামী জুনের মধ্যে প্রতিটি ব্যাংক, এমএফএসের নিজস্ব কিউআর বাদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোডভিত্তিক লেনদেন নিস্পত্তির প্লাটফর্ম বাংলা কিউআর দিয়ে প্রতিস্থাপন করতে হবে। কোনো ব্যাংক বা এমএফএস কোম্পানি এই নির্দেশনা লঙ্ঘন করলে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের চিঠি দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক বুধবার এক সার্কুলারের মাধ্যমে বাধ্যতামূলক করার বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়, কোনো ব্যাংক, এমএফএস এই নির্দেশনা লঙ্ঘন করলে পরিশোধ ও নিষ্পত্তি সেবা আইন ২০২৪ এর ৩৭(৫) ধারাসহ অন্যান্য প্রযোজ্য আইন, বিধি ও নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধারার আওতায় একটি প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা বা ৩ বছরের কারাদণ্ড কিংবা উভয়দণ্ড দেওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক জরিমানা করতে পারে। তবে কারাদণ্ড দিতে পারে ম্যাজিস্ট্রেট। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গভর্নর মোস্তাকুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর চিঠি দেওয়া হয়েছে। অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন অভিযান পরিচালনার সময় অন্যান্য বিষয়ের পাশপাশি যেন বিষয়টি দেখেন সেই অনুরোধ করা হবে।

সার্কুলারে বলা হয়েছে, আগমী ৩০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে সব ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসওগুলোকে তাদের সকল মার্চেন্ট পয়েন্টে নিজস্ব মালিকানার কিউআরের পরিবর্তে বাংলা কিউআর দিয়ে প্রতিস্থাপন করতে হবে। বাংলা কিউআর চ্যানেলে লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় কারিগরী সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে। মার্চেন্ট পয়েন্টে গ্রাহকদের জন্য দৃশ্যমানভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে। মার্চেন্ট পয়েন্টে পরিশোধ ছাড়া কোনো ধরনের ক্যাশ আউট কার্যক্রম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর বাতিল করতে হবে। মার্চেন্ট ও গ্রাহক সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।

সার্কুলার জারির প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়েছে, দেশজুড়ে একটি ইন্টারঅপারেবল, নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পরিশোধ ব্যবস্থা প্রবর্তন করা হয়। এখন গ্রাহক স্বার্থ সংরক্ষণ ও আধুনিক পরিশোধ কার্যক্রম বাস্তবায়নসহ একটি অর্থবহ ক্যাশলেস পরিশোধ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হলো।

বাংলা কিউআর প্রণয়নের উদ্দেশ্য হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপ ভিত্তিক লেনদেন অভিন্ন কিউআরে নিস্পত্তির কমন প্লাটফর্ম। এখানে যুক্ত সব ব্যাংক, এমএফএসের গ্রাহক বার কোড স্ক্যান করে পরিশোধ করতে পারে। নিজস্ব কিউআর থাকলে কেবল সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএসের গ্রাহক পরিশোধ করতে পারেন। লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকিমুক্ত করা, কম খরচ ও দ্রুত সম্পন্ন করতে ২০২৩ সালে আন্তঃব্যাংক কোড ভিত্তিক লেনদেন নিস্পত্তির এ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে এখন যে কোনো প্রতিষ্ঠানের ট্রেডলাইসেন্স নেওয়া বা নবায়নের জন্য কিউআর পরিশোধের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।