ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে ইটভাটায় কাজ করার সময়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সুতারগোপ্টা এলাকার মেসার্স
এনবিএসি ব্রিকফিল্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫) সদর উপজেলার
ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও
ইটভাটার কাজে যোগ দেন রুবেল ও আলাউদ্দিন। দুপুর দেড়টার দিকে হঠাৎ বিদ্যুতের তারে
জড়িয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত সময়ের মধ্যে তাদের কমলনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক শরাফত আলী বলেন, ‘হঠাৎ
করেই ওই দুজন বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু
বাঁচানো যায়নি।’
এ ঘটনায় ভাটার অন্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া
নেমে এসেছে। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহবুবুর রহমানের ভাষ্য,
দুর্ঘটনায় আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিলো। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের
মৃত ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের
মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।











