পারস্য উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অবরোধের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৩২০টি তেল ও গ্যাস ট্যাঙ্কারসহ অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। 

বুধবার প্রকাশিত সর্বশেষ ম্যারিন ডাটা অনুযায়ী, এসব জাহাজ পারস্য উপসাগরের একদম মাঝে আটকা পড়ে আছে এবং সেখান থেকে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘কেপলার’ জানিয়েছে, আটকা পড়া জাহাজগুলোর মধ্যে ৫০টি অপরিশোধিত তেলবাহী এবং ১২টি তরল গ্যাস পরিবাহী বড় জাহাজ রয়েছে। স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ১২০টি জাহাজ চলাচল করলেও মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মাত্র ৬টি জাহাজ এই প্রণালি পার হতে পেরেছে।

ইরান বর্তমানে এই জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রেখেছে। শুধু লারাক দ্বীপের পাশ দিয়ে ইরান অনুমোদিত একটি বিশেষ করিডোর দিয়ে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। 

তবে অভিযোগ উঠেছে, প্রতিটি জাহাজ পার করে দেওয়ার জন্য ইরান ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি আদায় করছে। নৌ-চালকরা এটিকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে অভিহিত করছেন।

অবশ্য তেহরান ইঙ্গিত দিয়েছে, মালয়েশিয়ার মতো ‘বন্ধুপ্রতীম’ দেশগুলোর জাহাজের ক্ষেত্রে এই টোল মওকুফ করা হতে পারে। মালয়েশিয়ার পেট্রোনাসসহ বেশ কিছু প্রতিষ্ঠানের জাহাজ বর্তমানে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

চীন নিশ্চিত করেছে, তাদের অন্তত তিনটি জাহাজ বিশেষ সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালি পার হতে পেরেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, চীনের দুটি কন্টেইনার জাহাজ বিশেষ ব্যবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে এই পথ অতিক্রম করে। 

অন্যদিকে, একটি গ্রিক জাহাজ সৌদি আরবের তেল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভারতের এলপিজি পরিবহনকারী কয়েকটি জাহাজও ঝুঁকি নিয়ে হরমুজ পার হতে সক্ষম হয়েছে।

উত্তাল সমুদ্রে আটকা ২০ হাজার নাবিক
কেবল জাহাজ নয়, এই সংকটের মাঝে প্রায় ২০ হাজার নাবিক পারস্য উপসাগরের উত্তাল সমুদ্রে আটকা পড়ে আছেন। মাইন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে অনেক জাহাজ রাতে অথবা ট্র্যাকার বন্ধ করে চলাচল করার চেষ্টা করছে।
 

যুক্তরাজ্য এরইমধ্যে এই সংকট নিরসনে ৩৫টি দেশের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছে। চীন ও পাকিস্তান যৌথভাবে অবিলম্বে যুদ্ধবিরতি এবং নিরাপদ জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছে। 

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আবার ইরানকে হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে আহ্বান জানিয়েছেন, অন্যথায় তেহরানকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র: আরব নিউজ