ভোগান্তির পর সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

বেশ কয়েক ঘণ্টা ভোগান্তির পর সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ডাক অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন জ্বালানি ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে বুধবার মধ্যরাতে পাম্পে জরিমানাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। 

সংগঠনে সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী সমকালকে জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা দুইটার পর থেকে থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনের মালিকরা। 

গত কয়েক দিনে সিলেটে ছয়টি পেট্রোল পাম্পকে জরিমানা, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়ার প্রতিবাদে বুধবার মধ্যরাতে তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জ্বালানি ব্যবসায়ীরা। ওইদিন রাতে পাম্পে প্রভাব না পড়লেও আজ বৃস্পতিবার ভোর থেকে জ্বালানির জন্য পাম্পে ছোটেন যানবাহন চালকরা। কিন্তু বন্ধ থাকায় তারা ভোগান্তির শিকার হন। 

কয়েক ঘণ্টা পাম্প বন্ধ থাকায় সিলেট নগরীর সঙ্গে পার্শবর্তী বিভিন্ন এলাকায় চলাচলকারী সিএনজি অটোরিকশা ও লেগুনার ভাড়া বাড়িয়ে দেন চালকরা। গ্যাস না পেয়ে দুপুরে নগরীর সোবহানীঘাট-চালিবন্দর বিশ্ব রোডে সিএনজি অটোরিকশা চালকরা গাড়ি রাস্তায় রেখে প্রতিবাদ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।