রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের

আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের একাংশ। এখন থেকে রাজধানীসহ সারাদেশে সব ধরনের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখবেন তারা।

আজ বৃহস্পতিবার দেশের দোকান মালিকদের একাংশ নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।

তবে এ খাতের মূল সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। 

দোকান মালিকদের একাংশের সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতিতে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিছু জরুরি সেবা ও প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠান।