অটোপাসের দাবিতে ভিসি লাঞ্ছিত, গাড়ি ভাঙচুর

অটোপাসের দাবিতে এক দল শিক্ষার্থীর হাতে
লাঞ্ছিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ
সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। গতকাল সোমবার দুপুরে গাজীপুর মহানগরের বোর্ড বাজার
এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের
আন্দোলনের সময় এ ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একটি সূত্র জানায়, অফিস থেকে বের
হয়ে গাড়িতে ওঠার পরপরই ক্যাম্পাসের ভেতরে এক দল শিক্ষার্থী উপাচার্যকে ঘিরে ধরেন।
পরে ক্যাম্পাসের প্রধান ফটকে তাঁর ওপর হামলা চালানো হয় বলে দাবি করেছে প্রশাসন।
নিরাপত্তাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে নিরাপদে সরিয়ে নেন। এ সময় কর্মকর্তা
কামাল হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অটোপাসের দাবিতে দুই বছর ধরে শিক্ষার্থীরা
দফায় দফায় আন্দোলন করছেন।
জানা যায়, ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে
সম্প্রতি। এ পরীক্ষায় ১০ মার্কস গ্রেস দেওয়া হয়েছে। এর পরও ৭০-৮০ জন শিক্ষার্থী এক
বিষয়ে ফেল করেছেন। পরে খাতা পুনরায় মূল্যায়ন করা হয়। এতেও তারা পাস করতে পারেননি।
অকৃতকার্য শিক্ষার্থীরা গতকাল সকালে গাজীপুর ক্যাম্পাসে এসে জড়ো হন। তাদের অটোপাস
দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা নানা স্লোগান দেন। পরে উপাচার্য তাঁর
দপ্তর থেকে বের হয়ে ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু
করেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আশিকুর রহমান নামে
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। কিন্তু আমাদের
দাবি-দাওয়া মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনাও করছে না। শাহরিয়ার
আল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, প্রশাসন আমাদের কথাগুলো শুনুক এবং যৌক্তিক হলে
মেনে নিক– এটাই আমাদের
দাবি। কিন্তু তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। এ জন্য আজ উপাচার্য অফিস থেকে বের
হলে শিক্ষার্থীরা তাঁর গাড়ি ঘিরে রেখে দাবিদাওয়া তুলে ধরেন। কোনো হামলা বা চড়াও
হওয়ার ঘটনা ঘটেনি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের এই দাবি শুধু একটি ফল বা সনদ পাওয়ার
সংক্ষিপ্ত পথ নয় বরং সেশনজট, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিযোগিতার চাপ থেকে মুক্তি
পেতে চাচ্ছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন
করে যাবেন।
গতবছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছিলেন জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ এস এম আমানুল্লাহ। সেই হামলার এক বছর না যেতেই ফের তাঁর
ওপর হামলার ঘটনা ঘটল।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাসকে সমর্থন করে না বলে স্পষ্ট
জানিয়ে দিয়েছেন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। একবার অটোপাস দিলে দেশের
সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে জানান তিনি। এই অবস্থানকে প্রশাসনিক
কঠোরতার প্রতিফলন উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক
বলেন, শিক্ষা শুধু পাস করা নয়, এটি নিজেকে তৈরি করার প্রক্রিয়া। সেখানে শর্টকাটের
সুযোগ যত বাড়ে, গুণগত মান তত কমে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসি জানান, শিক্ষার্থীদের
অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সঙ্গে কখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি
দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাসকে সমর্থন করে না। তিনি অটোপাসের দাবি
নাকচ করে বলেন, সামনের দিনগুলোতে শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে জাতীয়
বিশ্ববিদ্যালয় অটোপাস ও গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার
সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।












