কাজের নামে কম্বোডিয়ায় নিয়ে নির্যাতন

‘কম্বোডিয়ায় যাওয়ার পর আমাদের অন্য দালালের
কাছে বিক্রি করে দেওয়া হয়। এভাবে চার-পাঁচ দফা বিক্রি করা হলেও কাজ দিত না। কক্ষে
আটকে রেখে মারধর করার পর পরিবারের কাছ থেকে টাকা আনতে বাধ্য করা হয়। তাদের কথা না
শুনলে মারধর করে ভিডিও করা হয় ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর রাখে দালাল চক্র।’
এভাবেই চক্রটির খপ্পরে পড়ে দুঃসহ দিনযাপনের কথা ফোনে জানাচ্ছিলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার যুবক মেহেদী হাসান অভি। দালাল চক্র তাঁকে উচ্চ
বেতনের প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে আটকে রাখে। পরে মুক্তিপণ দিয়ে কোনো রকম
দেশে ফিরতে সক্ষম হন।
চক্রের হাত থেকে মুক্তি পেয়ে সম্প্রতি দেশে ফিরেছেন উপজেলার ভিটিকান্দি গ্রামের
তরুণ লাজিম প্রধান। তিনি ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। লাজিম বলেন, ‘মাসিক এক
লাখ টাকা বেতনের কথা বলে আমাদের নিয়ে যাওয়া হয় কম্বোডিয়ায়। সেখানে নিয়ে কক্ষে
বন্দি করা হয়। এক মাসের ভিজিট ভিসায় নিয়ে আটকে রেখে পরিবারের কাছ থেকে টাকা আনতে
বলা হয়। কথা না শুনলেই শুরু হয় নির্যাতন। তাই বাধ্য হয়ে পরিবারের কাছ থেকে দেড় লাখ
টাকা দিয়ে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মেহেদী কিংবা
লাজিম নন, তাদের মতো গজারিয়া উপজেলার আরও অনেক যুবক চক্রের প্রতারণার ফাঁদে পড়ে
শারীরিক নির্যাতনের শিকার হয়ে ও টাকা খুইয়ে বাড়ি ফিরেছেন নিঃস্ব হয়ে। এই
পরিস্থিতিতে প্রতিদিন অসংখ্য ভুক্তভোগী প্রতিকারের আশায় গজারিয়া থানায় ভিড় করছেন।
শুধু গত শনিবারই অন্তত ১০ জন ভুক্তভোগী অভিযোগ জমা দিয়েছেন।
পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন গ্রাম
থেকে অনেক যুবক চক্রটির প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে কম্বোডিয়া থেকে প্রাণ
নিয়ে দেশে ফিরেছেন। সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের প্রত্যেককে ৯ লাখ থেকে ১৪ লাখ টাকা
দালালের হাতে তুলে দিতে হয়েছে। কিন্তু দালালচক্র কাজ না দিয়ে উল্টো নির্যাতনের
মাধ্যমে মুক্তিপণ আদায় করে মোটা অঙ্কের। ভুক্তভোগী পরিবারগুলো এখন নিঃস্ব। অথচ
ক্যাসিনোতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি তাদের
কম্বোডিয়ায় নিয়ে যায়।
গজারিয়ার সিএনজি অটোরিকশার চালক শফিক মিয়া জানান, সুন্দর জীবনের আশায় সুদে টাকা
এনে দালালদের ৯ লাখ টাকা দিয়ে ছেলেকে কম্বোডিয়ায় পাঠিয়েছিলেন। কিছুদিন পর ছেলে
রিক্তহস্তে দেশে ফিরে এসেছে। এখন তিনি ঋণের জালে জর্জরিত। সুদসহ টাকা পরিশোধের
চিন্তায় রাতের ঘুম উধাও হয়ে গেছে তাঁর।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারণার ধরন সবক্ষেত্রে
প্রায় একই। আকর্ষণীয় বেতনের কথা বলে প্রথমে যুবকদের আকৃষ্ট করা হয়। এরপর ধাপে ধাপে
ছয় থেকে সাত লাখ টাকা নিয়ে এক বছর
মেয়াদি ভিসার কথা বলে পাঠানো হয় কম্বোডিয়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই শুরু হয়
বিভীষিকা। বিমানবন্দরে নামার পর এক দালাল তাদের অন্য দালালের কাছে বিক্রি করে দেয়।
এভাবে সবাইকে ৪-৫ বার পর্যন্ত হাতবদল করা হয়।
ভুক্তভোগীরা জানান, সেখানে যাওয়ার পর দেখা যায়, তাদের এক বছর নয়,
মাত্র এক মাসের ভিজিট ভিসা দিয়ে পাঠানো হয়েছে। কাজ দেওয়ার পরিবর্তে তাদের অন্ধকার
ঘরে আটকে রেখে চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে
এবং স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আরও লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। ভুক্তভোগীদের
দেওয়া তথ্য অনুযায়ী, মারুফ, রাজন, সাকের, রাহিমা বেগম, আকাশ ও রিফাতসহ কয়েকজন এই
দালাল চক্রের সঙ্গে জড়িত।
অভিযুক্তদের মধ্যে কথা হয় মারুফ হোসেন নামের একজনের সঙ্গে। জানতে
চাইলে দালালচক্রের সহযোগী মারুফ দাবি করেন, তারা কাউকে কম্বোডিয়ায় যেতে বাধ্য
করেননি। কাজ না পেয়ে সম্প্রতি দেশে ফেরা কয়েকজনকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া
হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, বিষয়টি নিয়ে বেশ
কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি
ব্যবস্থা নেওয়া হবে।
গজারিয়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান মৌখিকভাবে এমন অভিযোগের কথা
শুনেছেন। তিনি বলেন, অবশ্যই বৈধ প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে। দালালের খপ্পর থেকে
বাঁচতে চোখ-কান খোলা রাখা জরুরি।












