বিদ্যুৎ, শিল্প, পরিবহন কৃষিতে চাপ বাড়ছে

কৃষক থেকে শিল্পপতি– সবার দুশ্চিন্তার কেন্দ্রে এখন জ্বালানি
তেল। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি সংগ্রহ করতেই যেন লড়াই করতে হচ্ছে। বৈশ্বিক
অস্থিরতার প্রভাবে দেশের অর্থনীতি, শিল্প, কৃষি, পরিবহনসহ প্রায় সব খাতেই চাপ তৈরি
হয়েছে। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে হিমশিম খাচ্ছে সরকার। এর সঙ্গে যুক্ত
হয়েছে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার চাপ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। গরম বাড়ার
সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও তীব্র হচ্ছে।
চলমান এই সংকটের প্রভাবে দেশের অর্থনীতি এখন বহুমুখী চ্যালেঞ্জের
মুখে। কর্মসংস্থান, বিনিয়োগ, প্রবৃদ্ধি– সর্বক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না
হলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সরকারিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করা হলেও মাঠ
পর্যায়ের চিত্র ভিন্ন। পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, গ্যাসের অভাবে সার কারখানায়
উৎপাদন ব্যাহত, শিল্পে ধীরগতি, কৃষিতে সেচ সংকট, বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়া– সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।
বাড়ছে বিদ্যুতের
লোডশেডিং
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ খাত সবচেয়ে বেশি চাপে পড়েছে। এপ্রিলের শুরু থেকেই
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। সরকারের প্রাক্কলন
অনুযায়ী চলতি মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়াতে পারে।
উৎপাদন পরিকল্পনা থাকলেও জ্বালানি ঘাটতির কারণে তা পূরণ করা কঠিন
হয়ে পড়ছে। বর্তমানে গড়ে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, গ্যাস সরবরাহ কমে গেলে এটি দুই হাজার মেগাওয়াট ছাড়িয়ে
যেতে পারে।
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা প্রায় ১২০ কোটি ঘনফুট হলেও সরবরাহ
হচ্ছে সর্বোচ্চ ৯৩০ কোটি ঘনফুটের মতো। ফলে পরিকল্পিত উৎপাদন সম্ভব হচ্ছে না। একই
সঙ্গে একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা এবং আমদানিনির্ভরতার কারণে ঝুঁকি আরও
বেড়েছে।
বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ৫ হাজার মেগাওয়াটের
মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
অন্যদিকে তেলভিত্তিক কেন্দ্রগুলো ব্যয়বহুল হওয়ায় কম চালানো হচ্ছে।
ফলে উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি ঘাটতির কারণে তা কাজে লাগানো যাচ্ছে না।
এদিকে আবহাওয়া অধিদপ্তর একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি
সেলসিয়াসের কাছাকাছি পৌঁছলে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে, যা বিদ্যুৎ ব্যবস্থাকে
নতুন করে চাপে ফেলবে।
লাইটিং সন্ধ্যার
মধ্যে বন্ধ করতে হবে
সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা এবং বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে
বন্ধ করতে ৬৪ জেলার প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল সোমবার সব বিভাগীয়
কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ
বিভাগ।
এর আগে সরকারি অফিস টাইম এক ঘণ্টা কমানো, দোকানপাট, শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে
বন্ধের নির্দেশসহ বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার।
শিল্পে উৎপাদন
ব্যাহত
জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিল্প খাতে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের
কারণে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল
না পাওয়ায় বিকল্প ব্যবস্থাও কার্যকর থাকছে না।
শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে
গ্যাসনির্ভর কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। অনেক কারখানা
আংশিক চালু রাখা হচ্ছে, আবার কিছু বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিকল্প হিসেবে
ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে হোঁচট খেতে হচ্ছে। কারণ চাহিদা অনুসারে ডিজেল
মিলছে না।
রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সময়মতো
পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন। এতে বৈদেশিক
মুদ্রা আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া টেক্সটাইল, চামড়া, ওষুধ, প্লাস্টিক, স্টিল ও সিমেন্ট শিল্পেও
একই ধরনের সংকট বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না
হলে উৎপাদন ব্যাহত হয়ে সামগ্রিক শিল্প খাতেই ধস নামতে পারে।
কৃষিতেও শঙ্কা
বাড়ছে
গ্রীষ্মকালীন সেচ মৌসুমে জ্বালানি সংকট কৃষি খাতে গভীর উদ্বেগ তৈরি করেছে। দেশে
ডিসেম্বর থেকে মে পর্যন্ত সেচ মৌসুম চলে, যেখানে প্রায় সাড়ে ১২ লাখ টন ডিজেলের
প্রয়োজন হয়।
দেশে বর্তমানে ২১ লাখ ৩১ হাজারের বেশি ডিজেলচালিত কৃষিযন্ত্র রয়েছে। এর মধ্যে গভীর
ও অগভীর নলকূপ, এলএলপি পাম্প, ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার ও মাড়াই
যন্ত্র অন্তর্ভুক্ত। এসব যন্ত্রের অধিকাংশই জ্বালানিনির্ভর হওয়ায় সরবরাহে ঘাটতি
পুরো কৃষিব্যবস্থাকে অচল করে দিতে পারে।
বোরো ধানের জন্য এই সময় নিয়মিত সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু
অনেক এলাকায় কৃষক চাহিদামতো ডিজেল পাচ্ছেন না। ফলে সেচে বিলম্ব হচ্ছে এবং ফলন কমে
যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে সামনে ধান কাটার মৌসুম। দেশে ১০ হাজারের বেশি কম্বাইন হারভেস্টার রয়েছে, যা
দিয়ে দ্রুত ফসল কাটা ও মাড়াই করা হয়। কিন্তু প্রয়োজনীয় জ্বালানি না পেলে এসব
যন্ত্র ব্যবহার করা সম্ভব হবে না। ফলে ফসল সংগ্রহে বিলম্ব হবে।
অন্যদিকে, গ্যাস সংকটে সার কারখানাগুলোতেও উৎপাদন বিঘ্নিত হচ্ছে।
এতে কৃষকদের জন্য সার সরবরাহ অনিশ্চিত হয়ে উঠছে। সরকার আমদানির উদ্যোগ নিলেও
বৈশ্বিক পরিস্থিতির কারণে তা ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে কৃষি খাত এখন সেচ ও সারের–দুই দিক থেকেই চাপের মুখে।
বিপর্যস্ত পরিবহন
খাত
ডিজেলের ঘাটতির কারণে সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। অনেক রুটে বাস চলাচল ৩০
থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
অফিস সময়ে বাসস্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন পাচ্ছেন
না। এতে বিকল্প পরিবহনের ওপর নির্ভরতা বাড়ছে এবং যাতায়াত ব্যয়ও বেড়ে যাচ্ছে।
পণ্য পরিবহনেও চাপ তৈরি হয়েছে। বিভিন্ন রুটে ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে
নিত্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় সময় ও
খরচ দুটিই বাড়ছে। ফলে ভাড়ার ওপর এর প্রভাব পড়ছে।
অভিযান ও উদ্ধার
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে সরকার। মার্চ থেকে ৫
এপ্রিল পর্যন্ত ৬ হাজার ২৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২ হাজার ৪৫৬টি
মামলা, ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া
হয়েছে।
অভিযানে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন
এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১ এলাকার বেড়িবাঁধ অঞ্চলে ৬ এপ্রিল পৃথক
অভিযানে ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পাশের
একটি স্থাপনা থেকে ৫০ লিটার এবং গড়ান চটবাড়ী এলাকায় দুটি স্থাপনা থেকে আরও ১০০
লিটার ডিজেল উদ্ধার করা হয়। মালিকদের অনুপস্থিতিতে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
জব্দ করা ডিজেল পাশের একটি ফিলিং স্টেশনে ডিপো মূল্যে বিক্রি করে প্রায় ১৪ হাজার
৫৫৯ টাকা আদায় করা হয়েছে।
সামনে অনিশ্চয়তা
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন,
বৈশ্বিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশের জ্বালানি খাতের চাপ আরও বাড়বে।
এতে বিদ্যুৎ, শিল্প, কৃষি ও পরিবহনসহ সব খাতেই সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা
রয়েছে। এ অবস্থায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং সরবরাহ ব্যবস্থাপনায় কার্যকর
পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিতে হবে। নইলে এই সংকট দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি
নেতিবাচক প্রভাব ফেলতে পারে।












