বিকেলে আসছে চীনের ৬ লাখ ডোজ টিকা

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান। আজ রোববার (১৩ জুন) বিকেল নাগাদ টিকা বহনকারী বিমান দুটি ঢাকায় এসে পৌঁছাবে।

 

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমানে উঠানো হয়েছে। বিমান দুটি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দেবে। রোববার বিকেল নাগাদ বিমান দুটি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 

চীনা দূতাবাস থেকে আরো জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে।

 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে গত ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানান। এর আগে গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়।