বজ্রপাতে এক সপ্তাহে মৃত্যু ৫৬ জনের

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে
তাপমাত্রা, এর ফলে বেড়ে গেছে বজ্রমেঘ। দেশে উঁচু গাছ কমছে দিন দিন। এতে বজ্রপাত সরাসরি
ফসলের মাঠ বা খোলা জায়গায় থাকা মানুষের ওপর আঘাত হানছে।
এ ছাড়া সচেতন না হওয়ায় দুর্যোগের সময় মানুষ
এখনো নিরাপদ স্থানে থাকছে না। এসব কারণেই দেশে বজ্রপাত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।
দেশে বজ্রপাতে গত রবিবার এক দিনেই ২৫ জনের
মৃত্যু হয়েছে। আর গেল সাত দিনে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর
ঘটনা ঘটছে হাওরাঞ্চলে, যাদের বেশির ভাগই কৃষক। কয়েক বছর ধরে ঝড়বৃষ্টির মৌসুমে সাধারণত
বজ্রপাতে ৩০০ থেকে ৪০০ লোকের মৃত্যু হচ্ছে।
জুনের প্রথম সপ্তাহেই সারাদেশে বজ্রপাতে
মৃত্যুর হয়েছে ৫৬ জনের। তাদের মধ্যে: ৭ জুন ৯ জন, ৬ জুন ২৫ জন, ৫ জুন ৭ জন, ৪ জুন ৯
জন, ৩ জুন ৫ জন এবং ১ জুন একজনের মৃত্যু হয়েছে। ২ জুন বজ্রপাতে কারও মৃত্যুর কথা জানা
যায়নি।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের
কারণে দেশে বজ্রপাতের পরিমাণ বেড়েছে। তবে বজ্রপাত সম্পর্কে সচেতন হলে মৃত্যুর সংখ্যা
কমিয়ে আনা সম্ভব।
আবহাওয়াবিদদের পরামর্শ অনুযায়ী বজ্রপাত
হতে নিরাপদ থাকতে করণীয়সমূহ:
v বজ্রঝড় সাধারণত
ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করুন। অতি জরুরি প্রয়োজনে
ঘরের বাইরে যেতে হলে রাবারের জুতা পরে বাইরে যাবেন, এটি বজ্রঝড় বা বজ্রপাত থেকে সুরক্ষা
দেবে।
v বজ্রপাতের সময়
ধানক্ষেত বা খোলামাঠে যদি থাকেন তাহলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে
নিচু হয়ে বসে পড়তে হবে।
v বজ্রপাতের আশংকা
দেখা দিলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। ভবনের ছাদে
বা উঁচু ভূমিতে যাওয়া উচিত হবে না।
v বজ্রপাতের সময়
যে কোন ধরণের খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখতে হবে, ঘরের ভেতরে অবস্থান করতে হবে।
v খালি জায়গায়
যদি উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে, তার কাছাকাছি
থাকবেন না। বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক ।
v বজ্রপাতের সময়
ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়াই উচিৎ হবে। সমুদ্রে বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ
রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে।
v যদি কেউ গাড়ির
ভেতর অবস্থান করেন, তাহলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ রাখা যাবে না।













