পদ্মায় বাল্কহেডে ধাক্কায় স্পিডবোটের ২৫ যাত্রী নিহত

মাদারীপুরের শিবচরে থেমে থাকা বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা দিয়ে স্পিডবোটের ২৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পৌঁছালে স্পিডবোটটি একটি বালুবোঝাই বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্পিডবোটটি উল্টে গিয়ে যাত্রীরা ডুবে যায়। এ ঘটনায় মোট ২৫ জন নিহত হয়েছে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর স্পিডবোটটির সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।

তিনি জানান, ঘটনার পর থেকেই স্থানীয়দের সহায়তায় ট্রাফিক পুলিশ ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।