‘তিনটা টিউশন করিয়েও চলতে পারছি না’

দিনমজুর বাবার তৃতীয় সন্তান রমজান (ছদ্মনাম) পড়ছেন জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষে। বিশ্ববিদ্যালয়টিতে কোনো ছাত্র
হল না থাকায় রমজানকে থাকতে হয় মেসে। তিনটা টিউশন করিয়ে এক বছর পড়াশোনা ও থাকার খরচ
চালাতে পারলেও সম্প্রতি হাঁপিয়ে উঠেছেন তিনি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর
মেসের ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন। আগে মাসিক খরচ ৮-৯ হাজার টাকায় রাখতে পারলেও
গত মাস থেকে তা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
টিউশনির টাকায়ও খরচ সামলাতে না পেরে করতে হয়েছে ধারদেনা।
টাকা না
থাকায় দিতে পারেননি সেমিস্টার ভর্তির ফিও। দৈনন্দিন খাবার তালিকায়ও করতে হয়েছে
কাটছাঁট।
রমজান সমকালকে বলেন, কিছুদিন আগেও টিউশনির টাকা দিয়ে আগে চলতে পারতাম। এখন আর
সম্ভব হচ্ছে না। পরিবার থেকে টাকা আনারও উপায় নেই। নতুন আরেকটা টিউশনি খুঁজছি।
কিছু দেনাও হয়ে গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জবির অধিকাংশ শিক্ষার্থীর অবস্থাই এমন।
বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদের কোনো হল নেই। ছাত্রীদের জন্য সম্প্রতি চালু হয়েছে একটি
হল। সেখানে থাকেন ১ হাজার ২০০ জন। বাকি সবাইকে থাকতে হয় ভাড়া বাসায়। এতে অন্য
বিশ্ববিদ্যালয়ের থেকে জবির শিক্ষার্থীদের মাসিক ব্যয়ের বোঝা সবসময়ই বেশি। এর সঙ্গে
রাজধানীতে সবকিছুর উচ্চমূল্যও সইতে হয় তাদের।
জবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, দুই মাস আগেও আমার মেসে ৩
হাজার টাকায় পুরো মাসের খাওয়া হয়ে যেত। এখন অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা লাগছে।
ভাড়াও বেড়েছে। রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থীও চলেন টিউশনি করে। তিনি
বলেন, খরচ বেড়েছে অনেক; কিন্তু টিউশনির বেতন বাড়ে না। বেশি জোরাজুরি করলে টিউশনিই
থাকবে না। ফার্স্ট ইয়ারের থেকে খরচ এখন প্রায় দ্বিগুণ।
১০ বছরে খরচ বেড়ে দ্বিগুণ
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মুন্না পড়াশোনা শেষে এখন
চাকরির প্রস্তুতি নিচ্ছেন। টানা ১০ বছর ঢাকার মেসে কাটানো এ শিক্ষার্থী জানান, যখন
প্রথম ঢাকায় আসেন তখন মেসে প্রতি বেলা খাবারের দাম পড়ত ৩০-৩২ টাকা। এখন সেই মিলরেট
আসে ৬০ থেকে ৬৫ টাকা। অথচ আগে সপ্তাহে এক দিন গরুর মাংস খাওয়া হলেও এখন তা মাসে
একবার হয়। বাসা ভাড়াও বেড়েছে। আগের ১০ হাজার টাকা ভাড়ার বাসা এখন ২০ হাজারেও মেলে
না। এ ছাড়া পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজ বেশি থাকায় বাসা ভাড়া
সবসময় ঊর্ধ্বমুখী।
খরচ কমাতে খাবারে কাটছাঁট
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে খরচ সামলাতে হিমশিম দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী
খাবারের তালিকায় পরিবর্তন এনেছেন। গরু-খাসির পরিবর্তে মুরগি। মুরগির বদলে ডিম।
ডিমের দামও বাড়ায় কেউ ডাল-ভাজি দিয়েই খাওয়া শেষ করছেন। কেউ আবার খরচ কমাতে সকালে
নাশতা না করে দুপুর ১২টার দিকে একবারে সকাল-দুপুরের খাবার খান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্র বলেন, সকালে নাশতা
করলে অন্তত ৩৫ থেকে ৪০ টাকা খরচ হয়। আর দুপুরে খেলে ৫০ থেকে ৬০ টাকা। তাই একবারে
দুপুরে খান।
হল উদ্ধার হয় না, ভর্তুকি ছাড়াই
চলছে একমাত্র ক্যান্টিন
বিশ্ববিদ্যালয় হওয়ার আগে জগন্নাথ কলেজে ১১টি হল থাকলেও এখন সবক’টিই
দখল হয়ে গেছে। দখলদারদের কাছে রয়েছে জমির কাগজ ও বসবাসের অনুমোদনপত্র। জুলাই
বিপ্লবের পর শিক্ষার্থীরা হল উদ্ধারে আন্দোলনের ডাক দিলেও রয়েছে আইনি জটিলতা।
দলিলপত্র যাচাই-বাছাই ও উদ্ধার কার্যক্রমের জন্য জেলা প্রশাসকের সঙ্গে জবি প্রশাসন
শুরুতে কয়েকবার যোগাযোগ করলেও তা এখন গতি হারিয়েছে।
শিক্ষার্থীরা
বলছেন, নতুন ক্যাম্পাসের কাজ শেষ হওয়ার আগে যদি হলগুলো উদ্ধার করা হতো, তাহলে মেস
খরচ থেকে অন্তত তারা রেহায় পেতেন।
এ ছাড়া প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য জবিতে ক্যান্টিন মাত্র একটি।
শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ থাকায় দুপুর ২টার আগেই খাবার শেষ হয়ে যায়। অন্যান্য
বিশ্ববিদ্যালয়ের তুলনায় জবির ক্যান্টিনের খাবারের দামও একটু বেশি। অনেক
বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ভর্তুকি দিলেও জবিতে তা নেই। প্রশাসনের গা-ছাড়া তদারকিতে
খাবারের মানেও হয় না উন্নতি।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন পরিচালক মাসুদ সমকালকে বলেন, জিনিসপত্রের দাম যেভাবে
বাড়ছে, আমরা অসহায়। তবে বাজারে দাম বাড়লেও শিক্ষার্থীদের কথা বিবেচনায় বাড়াইনি।
প্রশাসন কিছুটা ভর্তুকি দিলে খাবারের দাম কমানো সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের
ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান সমকালকে, ভর্তুকি দেওয়া না হলেও
ক্যান্টিন ভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল দিতে হয় না। শিক্ষার্থীরা লিখিত আবেদন
দিলে প্রশাসনের কাছে ভর্তুকির সুপারিশ করে ব্যবস্থা নেওয়া হবে। আর হল উদ্ধারের
বিষয়ে ডিসি অফিস কাগজপত্র যাচাই-বাছাই করছে।
জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যালেঞ্জ হলো
আবাসন সমস্যার সমাধান করা। কিন্তু হঠাৎ করেই সব সমস্যার সমাধান সম্ভব না। আবাসন
সংকট সমাধানে কিছু পদক্ষেপ দ্রুতই নেব।


